Friday, January 6, 2017

ফ্লোরিডায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলি, নিহত ৫

আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পরপর হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার এক টুইটে বলেন, আমি ফোর্ট লডারডেল বিমানবন্দরে। এখানে গুলিবর্ষণ হয়েছে। প্রত‌্যেকে দৌড়াচ্ছে।
এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সম্প্রচারমাধ‌্যমটি জানায়, হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তিনি একাই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা হামলার কারণ জানার চেষ্টা করছেন।
ব্রাউড কাউন্টি শেরিফের দপ্তর এক টুইটে আহত আটজনকে হাসপাতালে নেয়ার কথা জানিয়েছে। একজন প্রত‌্যক্ষদর্শী এমএসএনবিসিকে বলেন, ‘হালকা-পাতলা’ গড়নের হামলাকারী স্টার ওয়ার্সের টি-শার্ট পরে ছিলেন।
বিশের কোটার এই তরুণ কোনো কথা বলেননি। বন্দুকে ফের গুলি ভরতে গেলে তাকে গুলি করে পুলিশ। মিয়ামির একটি টেলিভিশনের ফুটেজে আহত বেশ কয়েকজনকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিতদের চিকিৎসা সহায়তা চেয়ে চিৎকার করতে শোনা যায়।
গুলিবর্ষণের এক মিনিটেরও কম সময়ের মধ‌্যে বন্দুকধারীকে পুলিশ গুলি করে বলে এনবিসিকে বলেছেন একজন প্রত‌্যক্ষদর্শী। তিনি বলেন, লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণে বাঁচতে উদভ্রান্তের মতো দৌড়াতে থাকে। একজন আরেকজনের ওপর পড়ে। তারা সবাই দ্রুত দরজা দিয়ে বেরোতে চাচ্ছিল। এ ঘটনার পর ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, ফ্লোরিডার ‘ভয়াবহ পরিস্থিতির’ দিকে তিনি নজর রাখছেন এবং ফ্লোরিডার গভর্নরের সঙ্গে কথা বলেছেন। “সবার জন‌্য আমার ভাবনা ও প্রার্থনা রইল। নিরাপদে থাকবেন!”
বৃহত্তর মিয়ামি এলাকার একটি আকর্ষণীয় পর্যটন এলাকা ফোর্ট লডারডেল। চার টার্মিনালের ফোর্ট লডারডেল বিমানবন্দর দিয়ে গত নভেম্বরে প্রায় ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছে। সেখানে হামলার পর নিকটবর্তী মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।”

No comments:

Post a Comment