Saturday, February 4, 2017

লাইফ সাপোর্টে সুরঞ্জিত

লাইফ সাপোর্টে রাখা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে।শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।আজ তাঁকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন এ তথ্য নিশ্চিত করেছেন।
লেলিন বলেন, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’
সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান লেলিন। ডা. বরেণ চক্রবর্তীর এপিএস কামরুল হক বলেন, ‘স্যার জানিয়েছেন যে সুরঞ্জিত সেনগুপ্তের ফুসফুসে ইনফেকশন হয়েছে। শারীরিক অবস্থা খুব ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কামরুল হক আরও বলেন, ‘এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।আজ সকাল ১০টাতেই সম্ভবত তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।’

Friday, February 3, 2017

মোবাইলে ইন্টারনেট থাকতেই হবে

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইল হাতে আছে কিন্তু তাতে ইন্টারনেট নেই তা হবে না। মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। এ সেবা পৌছে দেয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। এ বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিটিসিএল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখছে ইন্টারনেটের গতি কেমন। আমরা চাই যেখানে যে গতির কথা বলা হয়েছে সেখানে তা পাচ্ছে কি না। আমরা চাই এ ধরণের অন্য অনুষ্ঠানেও উদ্যোগক্তারা বিটিসিএলকে বলুক। আমরা এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে চাই।
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বেসিস সফট এক্সপো ২০১৭-তে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক এক কর্মশালায় তারানা এসব কথা বলেন।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, এ প্রজন্ম প্রযুক্তি নির্ভর। নতুন প্রজন্মের প্রযুক্তির প্রতি এ আকর্ষণ ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। তাদের সাইবার স্পেসে বিচরণ করতে হবে। এ প্রজন্ম বলিষ্ঠভাবে বেড়ে উঠছে। গত কয়েকবছরে টেলিকমিউনিকেশনে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এ প্রজন্মের কাছে এখন কম্পিউটার ও মোবাইলের মত হাতিয়ার রয়েছে। কিন্তু এগুলো ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। বিশেষভাবে ‘Safe use of Internet’ এর দিকে জোর দিতে চাই।
তারানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোন পোস্ট দেয়া উচিৎ নয় যাতে কারও সম্মানহানি হয় অথবা কাউকে ছোট করা হয়। এদিকে সকলের খেয়াল রাখতে হবে। এ প্রজন্মের বিজ্ঞান জ্ঞানার্জনের দিকে জোর দিতে হবে। মেয়েদের কম্পিউটার লিটারেসিতে এগিয়ে আসতে হবে। এজন্য লজ্জা ভেঙে বাবা-মাকেও উদ্যোগ নিতে হবে। দেখতে হবে সন্তান ইন্টারনেট দিয়ে কি করছে।
ডাক প্রতিমন্ত্রী বলেন, ভয়ভীতি কাটিয়ে সবাইকে প্রযুক্তি ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। সবার হাতে থাকবে মোবাইল, ইতিবাচক পরিবর্তন ঘটবে। নিজেদের মধ্যে এ প্রজন্ম নেটওয়ার্ক গড়ে তুলবে। কেউ সমস্যায় পড়লে তাকে কাউন্সিল করবে। প্রযুক্তির ব্যবহার সবার জন্য যেন হয় নিরাপদ।
কর্মশালায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) আবদুর রব, প্রধানমন্ত্রী কাযালয়ের স্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির প্রমুখ।

মাথায় যন্ত্রণা

নাক দিয়ে বেড়িয়ে এলো জ্যান্ত আরশোলা!

মাথার ভিতরে আরশোলা। তাও আবার জ্যান্ত। চেন্নাইয়ের হাসপাতালে এক রোগীর মাথা থেকে জ্যান্ত আরশোলা বের হওয়া নিয়ে অবাক চিকিৎসকরা। এখন প্রশ্ন, কী ভাবে মাথার ভিতরে ঢুকে পড়েছিল ওই আরশোলাটি? উত্তর নেই চিকিৎসকদের কাছেও।
বছর বিয়াল্লিশের সেলভির বাড়ি চেন্নাইয়ের ইনজামবাকামে। বেশ কিছু দিন ধরেই তিনি মাথায় অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। মনে হচ্ছিল মাথার ভিতরে কী যেন একটা হেঁটে চলে বেড়াচ্ছে। মাঝে মাঝে সেটা যেন নাকের কাছে চলে আসছে। কিন্তু সেটা যে একটা আস্ত আরশোলা সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি সেলভি। ভাবতে পারেননি চিকিৎসকরাও। পরীক্ষা করে দেখা যায় একটি পোকা রয়েছে মাথায়। সিদ্ধান্ত হয় অপারেশনের। 
সেলভি প্রথমে ইনজামবাকামরে একটি ক্লিনিকে চিকিৎসা করাতে যান। সেখান চিকিৎসকরা বুঝতেই পারেননি কী হয়েছে। পরে তিনি যান চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজে। সেখানে নাসাল এন্ডোস্কপি করা হয়। তাতেই জানা যায়, মাথার মধ্যে একটি পোকা রয়েছে।
এর পরে হয় অপারেশন। নাক দিয়ে চিকিৎসকরা বের করে আনেন একটি জ্যান্ত আরশোলা। চিকিৎসকরা জানিয়েছেন, দু’টি চোখের মাঝখানে ছিল আরশোলাটি। সেটি শুধু জ্যান্তই নয়, মাথার ভিতরে হেঁটে চলে বেড়াচ্ছিল। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন। তার পরে বের করে আনা হয় ‘অনুপ্রবেশকারী’ আরশোলাটিকে।
এখন চিকিৎসকদের কাছে দু’টি প্রশ্ন। কী ভাবে ওই মহিলার মাথায় ঢুকে পড়েছিল ওই আরশোলাটি? কী ভাবেই বা আরশোলাটি জীবিত রয়েছে? তবে একটা আশার কথা, ওই মহিলার মাথায় সে ভাবে কোনও সংক্রমণ ঘটেনি।

মেরিলিন মনরো সাজে এই বঙ্গঅভিনেত্রী কে ?

ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বিভিন্ন চলচ্চিত্রে তাকে ভিন্ন ভিন্নরূপে দেখা গেছে। এবার তাকে মেরিলিন মনরোর সাজে দেখা যাবে।বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ শিরোনামের সিনেমার টাইটেল গানে মেরিলিন মনরোর সাজে সেজেছেন এই অভিনেত্রী। তিনি বিপাশা কবির।
এ গান প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘রাজনীতি’ সিনেমার এই টাইটেল গানটি ভিন্ন ঘরানার। এটিকে আইটেম সং বলা যাবে। দর্শক গানটিতে ভিন্নতা পাবেন। গানটির কথা, সুর ও দৃশ্যায়ন ভালো হয়েছে। আশা করছি, দর্শক গানটি ভালোভাবে নিবেন।’
‘প্রেমের জন্য জীবন বাজি প্রেমের এই রীতি, প্রেমের মাঝে চলবে নারে কোন রাজনীতি’ এমন কথার এ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী।
উলুখোলার ‘মেঘ বাড়ি’ রিসোর্টে ৩০ জানুয়ারি গানটির দৃশ্যায়ন করা হয়। টানা তিনদিন শুটিং হয়েছে। এ গানে বিপাশার সঙ্গে নেচেছেন  অমিত হাসান, শিবা সানু এবং ডিজে নাদিম।
অ্যারো মোশন আর্টস’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।
এছাড়াও বর্তমানে ‘পাষাণ’ সিনেমার শুটিং করছেন বিপাশা। সম্প্রতি ‘খাস জমিন’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করেছন তিনি। তা ছাড়া বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে খুব শিগগিরই এর দৃশ্যায়ন শুরু হবে বলেও জানান তিনি।

দল থেকে বহিষ্কার

ছাত্রের পিঠে চড়া নেতা 

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে হাইমচর থানায় একটি মামলা করা হয়।এছাড়া নুর হোসেনকে বরখাস্ত করারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ঘটনা তদন্তে এলাকায় লোক পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আর গা ঢাকা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।
চাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের সেতু বানিয়ে তাদের পিঠে হেঁটে যাওয়া উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করেছে। এই তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ৩০ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এক পর্যায়ে শিক্ষার্থীদের দ্বারা বানানো সেতু পা দিয়ে মাড়িয়ে যান তিনি।
এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর দিয়ে হেঁটে যাওয়া হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচন কমিশন নিয়োগে সুপারিশ করতে গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির নেতারা একে-অপরকেই বিশ্বাস করে না। তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

জুতার তলায় সোনার বার!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার তলা থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোনার বারগুলোর ওজন প্রায় আধা কেজি।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম আওলাদ হোসেন। বাড়ি গাজীপুরে। তিনি দুবাইয়ের শারজাহতে থাকতেন।
কাস্টমস হাউস সূত্র জানায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে গতকাল রাত নয়টার দিকে ঢাকা আসেন আওলাদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তল্লাশির একপর্যায়ে তার জুতার সোলের মধ্যে চারটি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ৪৬৪ গ্রাম। মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।

মেয়রের শটগান জব্দ, আটক ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে হতাহতের পর পৌর মেয়রের শটগান জব্দ করেছে পুলিশ; আটক করেছে তার দুই ভাইকে। একই দ্বন্দ্বের জেরে শনিবার উপজেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে উপজেলা ছাত্রলীগ।
শাহজাদপুর থানার ওসি রেজাউল জানান, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার অভিযোগে তার চাচা এরশাদ আলী বাদী হয়ে শুক্রবার সকালে থানায় মামলা করেন।
বৃহস্পতিবার দুপুরে বিজয় মাহমুদকে মারধর করার অভিযোগ ওঠে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর ভাইয়ের বিরুদ্ধে।
এরপর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিম ও ছাত্রলীগ নেতা বিজয়ের কর্মী-সমর্থকরা মেয়র মিরুর বাড়ি ঘেরাও করলে সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
আর আহত বিজয় মাহমুদকে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভিপি রহিম।
ওসি রেজাউল বলেন, বিজয় মাহমুদকে মারধর করার অভিযোগে মেয়র মিরু, তার ভাই হাসিবুল ইসলাম পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
“ইতোমধ্যেই মেয়রের ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টু ও মিন্টুকে গ্রেপ্তার করার পাশাপাশি মেয়রের শটগান জব্দ করা হয়েছে।”
এদিকে শুক্রবার সকালে মেয়রের বিরুদ্ধে পৌর শহরে বিক্ষোভ দেখিয়েছেন ভিপি রহিম ও ছাত্রলীগ নেতা বিজয়ের কর্মী-সমর্থকরা।
পরে তারা শাহজাদপুর উপজেলায় শনিবার অর্ধদিবস হরতাল আহ্বান করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ কাজল বলেন, ছাত্রলীগ নেতা বিজয়কে মারধর ও মেয়রের গুলি ছোড়ার প্রতিবাদে আজ শনিবার উপজেলায় অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে।